নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক হিসেবে অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান দায়িত্ব নেওয়ার পর নগরীর দীর্ঘদিনের বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে একাধিক উদ্যোগ নিয়েছেন। দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই পরিচ্ছন্নতা কার্যক্রমে মাঠে নামা, হকার ও যানজট নিয়ন্ত্রণের উদ্যোগ, ড্রেন ও খাল পরিষ্কার, কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ, মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধ এবং নতুন অর্থবছরের বড় বাজেট এসব কার্যক্রমে তার সরাসরি সম্পৃক্ততা দেখা গেছে।
২০২৬ সালের ২৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে নাসিকের প্রশাসকের দায়িত্ব নেন সাখাওয়াত হোসেন খান। দায়িত্ব নেওয়ার শুরুতেই তিনি নগরীর প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে ৬০ দিনের একটি কর্মসূচির কথা জানান। ধূলাবালি ও ময়লা পরিষ্কার করে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা, গাছ লাগানো এবং হকার সমস্যা সহনীয় পর্যায়ে নিয়ে আসার কথা তিনি সে সময় বলেছিলেন। দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরপরই চাষাঢ়া এলাকায় পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলো ঘুরে দেখেন তিনি। এতে শুরু থেকেই মাঠপর্যায়ে কাজ করার একটি বার্তা দেওয়া হয়।
নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের অন্যতম সমস্যা ফুটপাত দখল ও হকার। দায়িত্ব নেওয়ার পর এ সমস্যা সমাধানে হকারদের সঙ্গে মতবিনিময় করেন নাসিক প্রশাসক। ৫ মার্চ নগর ভবনের অডিটোরিয়ামে হকারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এরপর ১৩ এপ্রিল চাষাঢ়া শহীদ জিয়া হলের সামনে থেকে বিভিন্ন সড়কে হকার উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। ওই কর্মসূচিতে সংসদ সদস্যসহ নগরবাসীর অংশগ্রহণের করেন।
তবে হকার উচ্ছেদ নিয়ে মাঠে গিয়ে বাধার মুখেও পড়তে হয়েছে প্রশাসককে। ৮ জুন কালীবাজার এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনার সময় হকারদের বাধার মুখে পড়েন। এ ছাড়াও হকার উচ্ছেদ করতে গিয়ে বিভন্ন সময় হকারদে সাথে সংর্ঘষের ঘটনাও ঘটে।
অন্যদিকে যানজট নিরসনে ২ নম্বর রেলগেট থেকে চাষাঢ়া মহিলা কলেজ পর্যন্ত রেললাইনের পশ্চিম পাশে বিকল্প সড়ক নির্মাণের কাজ শুরু হয়। এ উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয় একটি নাগরিক সংগঠন প্রশাসককে অভিনন্দনও জানায়। সেপ্টেম্বরেও যানজট ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি।
নগরীর জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নেও প্রশাসকের সরাসরি সম্পৃক্তত রয়েছেন ১ জুলাই জালকুড়ি দশপাইপ এলাকায় খাল পুনঃখনন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমের উদ্বোধনের সময় নিজ হাতে ড্রেনের ময়লা অপসারণ করেন সাখাওয়াত হোসেন খান।
এ ছাড়া ২৮ জুন বন্দরের ২০ নম্বর ওয়ার্ডের সোনাকান্দা এলাকায় খাল পরিষ্কার ও বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। খাল পুনরুদ্ধার নিয়ে তিনি বলেছেন, নাসিক এলাকায় কক্ষনদীসহ মোট ৩২টি খাল রয়েছে এবং পর্যায়ক্রমে এসব খাল খনন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
ডেঙ্গু প্রতিরোধেও ধারাবাহিক কর্মসূচি নিয়েছে নাসিক। জুনে ডেঙ্গু প্রতিরোধে স্টিয়ারিং কমিটির প্রথম সভায় মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা অভিযান, জলাবদ্ধতা নিরসন, ওষুধ ছিটানো এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রশাসক সাখাওয়াত হোসেন খান।
১৮ জুন শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু ও মশাবাহিত রোগ সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচিও পালন করে নাসিক।
সর্বশেষ ১২ সেপ্টেম্বর ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ স্লোগান সামনে রেখে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি শুরু হয়। এ কর্মসূচিতে প্রশাসক সাখাওয়াত হোসেন খান নগরবাসীকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান।
১৫ সেপ্টেম্বরও তিনি জানান, সিটি করপোরেশন এলাকায় মশার চাপ কমানো এবং সামনে যেন ডেঙ্গু রোগী না হয় এটাই পরিকল্পনার অন্যতম লক্ষ্য।
শুধু পরিচ্ছন্নতা বা অবকাঠামো নয়, নগরীর সামাজিক সমস্যার দিকেও নজর দেওয়ার কথা জানিয়েছেন প্রশাসক। এপ্রিল মাসে বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি যানজট, হকারের দৌরাত্ম্য ও ভাঙাচোরা সড়ককে নগরীর বড় সমস্যা হিসেবে উল্লেখ করে নারায়ণগঞ্জকে মাদকমুক্ত ও আধুনিক নগরীতে রূপান্তরের পরিকল্পনার কথা জানান।
দায়িত্ব নেওয়ার প্রায় পাঁচ মাসের মাথায় ৩০ জুলাই ২০২৬-২৭ অর্থবছরের জন্য নাসিকের ১ হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার বাজেট ঘোষণা করেন সাখাওয়াত হোসেন খান। এটিকে নাসিক প্রতিষ্ঠার পর সবচেয়ে বড় বাজেট হিসেবে উল্লেখ করা হয়েছে।
বাজেটে নতুন কোনো অতিরিক্ত কর না চাপিয়ে রাজস্বের আওতা বাড়ানো, রাজস্ব ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং নগরীর বিভিন্ন নাগরিক সেবাকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। প্রস্তাবিত বাজেটে রাস্তা ও ড্রেনেজ উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, যানজট কমানো, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি, খাল পুনরুদ্ধার, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের মতো খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
নাসিকের সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির সভাতেও প্রশাসক হিসেবে তিনি চলমান উন্নয়ন প্রকল্প, নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা নিরসন ও নগর ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছেন।
নাসিকের সরকারি ওয়েবসাইটেও বর্তমানে অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খানকে প্রশাসক হিসেবে দেখানো হচ্ছে। সেখানে ই-ট্রেড লাইসেন্স, ই-পানি বিল, জন্ম-মৃত্যু নিবন্ধন, ই-হোল্ডিং ট্যাক্স ও অনলাইন সনদের মতো নাগরিক সেবার তথ্যও রয়েছে।
২৫ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত প্রকাশিত তথ্যগুলো পর্যালোচনা করলে দেখা যায়, তার কার্যক্রমের বড় অংশ ঘুরপাক খেয়েছে পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেন-খাল পরিষ্কার, জলাবদ্ধতা, হকার ও যানজট নিয়ন্ত্রণ, মশক ও ডেঙ্গু প্রতিরোধ এবং নগর উন্নয়ন পরিকল্পনাকে ঘিরে।
তবে এসব উদ্যোগের পাশাপাশি বাস্তবায়নের অগ্রগতি, দীর্ঘমেয়াদি ফলাফল এবং নগরবাসীর ভোগান্তি কতটা কমেছে তা মূল্যায়নে আরও সময় ও পরিমাপযোগ্য তথ্য প্রয়োজন। কারণ বিভিন্ন প্রতিবেদনে যেমন উদ্যোগ ও অগ্রগতির কথা এসেছে, তেমনি হকার উচ্ছেদ ও নগর ব্যবস্থাপনার মতো কিছু ক্ষেত্রে প্রশাসনকে বাস্তব চ্যালেঞ্জের মুখেও পড়তে হয়েছে।
সব মিলিয়ে, দায়িত্ব গ্রহণের পর সাখাওয়াত হোসেন খানের কর্মকাণ্ডে একটি বিষয় স্পষ্ট নাসিকের প্রশাসনিক দায়িত্বকে শুধু নগর ভবনকেন্দ্রিক না রেখে পরিচ্ছন্নতা, সড়ক, ড্রেন, খাল, বর্জ্য, যানজট ও জনস্বাস্থ্য এসব নাগরিক সমস্যায় সরেজমিনে যুক্ত থাকার চেষ্টা করেছেন তিনি। এখন এসব উদ্যোগের কতটা স্থায়ী পরিবর্তনে রূপ নেয়, সেটিই হবে তার প্রশাসনিক দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ পরবর্তী পরীক্ষা।

