আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে নারায়ণগঞ্জে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, এ বছর নারায়ণগঞ্জ জেলায় মোট ২৩৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে জেনারেটর, সিসিটিভি ক্যামেরা ও পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক রাখার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, গত বছর দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করলেও এবার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সাদা পোশাক ও ইউনিফর্মে মোট ৭৫০ জন পুলিশ সদস্য পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, চুরি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে বিশেষ টহল টিম মাঠে থাকবে। এছাড়া প্রতিমা তৈরির স্থান থেকে শুরু করে প্রতিমা স্থানান্তরের সময়ও মোবাইল টিমের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে।
পুলিশ সুপার বলেন, দুর্গাপূজা ঘিরে এখন পর্যন্ত কোনো ধরনের শঙ্কা নেই। তবে পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে। সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে এবারের দুর্গাপূজা সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় বাংলাদেশ পূজা উদযাপন কমিটি নারায়ণগঞ্জ জেলার সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি বিষ্ণু পদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, তিলোত্তমা দাস, বলদেব জিউর মন্দিরের সভাপতি জয় কে চৌধুরী বাপ্পিসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

