বিদ্যুৎ সাশ্রয় ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জসহ সারাদেশে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ বিষয়ে একটি স্মারক জারি করা হয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, নারায়ণগঞ্জের শপিং মল, মার্কেট ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে গত ১১ জুন থেকে এসব ব্যবসাপ্রতিষ্ঠান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল।
সরকারের নতুন সিদ্ধান্তের ফলে জেলার বিভিন্ন মার্কেট ও বাণিজ্যিক এলাকায় রাত ৮টার মধ্যেই সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করতে হবে। পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড বন্ধ করতে হবে। মার্কেট, প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থানে থাকা সব ধরনের আলোকসজ্জাও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
স্মারকে আরও উল্লেখ করা হয়, দেশের বিভিন্ন এলাকায় চলমান ও অনুষ্ঠেয় মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮টার মধ্যে শেষ করতে হবে। ফলে নারায়ণগঞ্জে আয়োজিত এসব অনুষ্ঠানেও নতুন সময়সীমা কার্যকর হবে।
তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।
বিদ্যুৎ সাশ্রয় এবং সার্বিক বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশ্যেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে।

