নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তারাবো পৌরসভার বরাব এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিল্লাল হোসেন (৫৫) ও চাঁদপুরের মতলব উপজেলার রাসেল (৩৫)। তারা দুজনই বরাব এলাকায় পৃথক বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ জানায়, এএসআই হাফিজুল ইসলামের নেতৃত্বে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল বরাব এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ১৮৪ বোতল স্কাফ উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, উদ্ধার করা স্কাফ মাদকদ্রব্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।
রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

