নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৯০নং জালকুড়ি পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শ্রেণিকক্ষসহ সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক বিদ্যালয়টি পরিদর্শনে যান। এ সময় তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ ও বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও সুন্দর পরিবেশে পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. ফয়েজ উদ্দিন, ৯০নং জালকুড়ি পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ফয়সাল রহমান, পূর্ব জালকুড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোশারফ হোসেন, শিক্ষানুরাগী রাকিবুল দেওয়ান এবং ৯০নং জালকুড়ি পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিতালী রায়সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।
বিদ্যালয় পরিদর্শনের মধ্য দিয়ে জেলা প্রশাসকের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা আশা প্রকাশ করেন, প্রশাসনের এমন সরেজমিন পরিদর্শনের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো আরও গুরুত্বের সঙ্গে সামনে আসবে।

