বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে শুক্রবার (১৯ জুন) নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে কর্মী সম্মেলন। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। সম্মেলনে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।
বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার জানান, কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রায় ১৫ হাজার কর্মীর বসার ব্যবস্থা রাখা হয়েছে। তবে মাঠের ধারণক্ষমতার চেয়ে বেশি লোক সমাগমের সম্ভাবনা থাকায় বাইরে অবস্থানকারীদের জন্য বড় পর্দায় অনুষ্ঠান দেখার ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, নারায়ণগঞ্জ মহানগর এলাকায় জামায়াতের কয়েক হাজার সক্রিয় কর্মী রয়েছে। সীমিত পরিসরের কারণে সবাইকে মাঠে স্থান দেওয়া সম্ভব হবে না। তাই যারা মাঠে প্রবেশ করতে পারবেন না, তাদের জন্যও সম্মেলনের কার্যক্রম সরাসরি উপভোগের ব্যবস্থা রাখা হয়েছে।
সম্মেলনকে সুশৃঙ্খল ও সফল করতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশপথে স্বেচ্ছাসেবক টিম দায়িত্ব পালন করবে বলে জানান তিনি। সাইনবোর্ড, সিদ্ধিরগঞ্জ, চাষাঢ়া, পঞ্চবটি ও আশপাশের এলাকায় প্রায় এক হাজার স্বেচ্ছাসেবক যানবাহন নিয়ন্ত্রণ, অতিথি নির্দেশনা এবং সার্বিক ব্যবস্থাপনায় কাজ করবেন।
নেতারা জানান, সম্মেলনে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রমের ভবিষ্যৎ পরিকল্পনা, জাতীয় নির্বাচন, গণতন্ত্র, সুশাসন এবং জনসম্পৃক্ত বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। পাশাপাশি সংগঠনের কর্মীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হবে।
নিরাপত্তা বিষয়ে মাওলানা আবদুল জব্বার বলেন, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে সম্মেলন সম্পন্ন হবে বলে তারা আশাবাদী।
সংবাদ সম্মেলনে তিনি দেশের প্রশাসনিক কাঠামো, রাজনৈতিক পরিবেশ ও বৈষম্যের বিভিন্ন বিষয় নিয়েও বক্তব্য দেন। একই সঙ্গে দেশের চলমান নানা অর্থনৈতিক ও সামাজিক সংকট মোকাবেলায় জনমুখী রাজনীতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, মহানগর নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন এবং মিডিয়া সম্পাদক হাফেজ আব্দুল মোমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলন সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নগরবাসী এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেন জামায়াত নেতারা।

