নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ হাবিবুর রহমান। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। এসময় বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী নবনিযুক্ত পুলিশ সুপারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
মোঃ হাবিবুর রহমান ২৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তাঁর নিজ জেলা যশোর।
পুলিশের এই কর্মকর্তা এর আগে মাগুরা, ফেনী ও মাদারীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এসব দায়িত্বে তিনি দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন।
বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণের সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের কার্যক্রম ও বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হয়।

