জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা যতই জোরালো হচ্ছে, ততই জমে উঠছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের সম্ভাব্য হিসাব-নিকাশ। বিশেষ করে বিএনপির অভ্যন্তরে সম্ভাব্য মেয়র প্রার্থী নিয়ে শুরু হয়েছে নীরব প্রতিযোগিতা। চেইন অব কমান্ডের দুর্বলতায় দলের ভেতরে নেতৃত্বের একাধিক কেন্দ্র তৈরি হওয়ায় মনোনয়ন প্রক্রিয়াকে ঘিরে নতুন করে অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহের আশঙ্কা দেখা দিয়েছে।
দলীয় সূত্র বলছে, জাতীয় সংসদ নির্বাচনে একাধিকবার প্রার্থী পরিবর্তন এবং বিদ্রোহী প্রার্থীর ঘটনা বিএনপিকে অস্বস্তিতে ফেলেছিল। সেই অভিজ্ঞতা থেকে এবার স্থানীয় সরকার নির্বাচনে একই পরিস্থিতি এড়াতে আগেভাগেই প্রার্থী নির্ধারণের দাবি উঠেছে তৃণমূলে। তবে এখন পর্যন্ত বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তৎপরতা চোখে পড়েনি।
অন্যদিকে নির্বাচন কমিশন ও সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী সেপ্টেম্বর-অক্টোবরের পর ধাপে ধাপে দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। সেই তালিকায় রয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনও। যদিও এখনো তফসিল ঘোষণা হয়নি, তবুও সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ অবস্থান শক্ত করতে মাঠপর্যায়ে সক্রিয় হয়ে উঠেছেন।
এদিকে বিএনপি আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা না করলেও দলটির সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বর্তমান নাসিক প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, ব্যবসায়ী ও মহানগর বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদ, মহানগর বিএনপি নেতা জাকির খান। এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ ও যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবের নামও আলোচনায় এলেও তারা বর্তমানে জেলা পরিষদ ও জেলা উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বে থাকায় তাদের প্রার্থী হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন দলীয় নেতারা।
দলীয় একাধিক সূত্র জানিয়েছে, বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা ইতোমধ্যে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। পাশাপাশি নিজ নিজ অবস্থান শক্ত করতে সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডও বাড়িয়েছেন। তবে শেষ পর্যন্ত মনোনয়ন একজনের ঝুলিতে গেলে বাকিদের অবস্থান কী হবে সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমানে বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু শক্তিশালী প্রার্থী বাছাই নয়; বরং মনোনয়ন ঘোষণার পর দলকে ঐক্যবদ্ধ রাখা। কারণ চেইন অব কমান্ড দুর্বল হয়ে পড়ায় অনেক নেতাই নিজস্ব বলয় তৈরি করেছেন। ফলে মনোনয়নকে কেন্দ্র করে বিদ্রোহের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এদিকে অন্যান্য রাজনৈতিক দল ইতোমধ্যে নিজেদের প্রস্তুতি অনেকটাই গুছিয়ে নিয়েছে।
জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর কর্মী সম্মেলনে কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে মহানগর আমীর আব্দুর জব্বারকে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। দলটির কেন্দ্রীয় নেতৃত্বের এই বার্তায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু হয়েছে।
অন্যদিকে খেলাফত মজলিসও দলীয়ভাবে সিটি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুনকে মেয়র পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত জেলা ও মহানগর নেতারা কেন্দ্রে পাঠিয়েছেন। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে দলটি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মহানগর আহ্বায়ক ও কেন্দ্রীয় সংগঠক শওকত আলী এবং রাজনৈতিক পরিষদের সদস্য আলী আহসান জোনায়েদের নাম।
অন্যদিকে গত বছরের ৩ জুন জামিনে মুক্তি পাওয়ার পর সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও চলছে নানা আলোচনা। ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, তিনি এখনই নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে প্রকাশ্যে কোনো সিদ্ধান্ত দিচ্ছেন না। তবে তফসিল ঘোষণার পর সমর্থকদের চাপে তিনি নির্বাচনী মাঠে নামতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ফলে সম্ভাব্য এই সমীকরণও নাসিক নির্বাচনে নতুন মাত্রা যোগ করতে পারে।
এদিকে সম্ভাব্য নির্বাচনের কথা মাথায় রেখে বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে ২৭টি ওয়ার্ডে নিজেদের প্যানেল ও সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছে। বিএনপির অনেক নেতাও আগাম প্রস্তুতি নিচ্ছেন। দলীয় মনোনয়ন না পেলে কেউ কেউ স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হওয়ার চিন্তাও করছেন বলে দলীয় সূত্রে আলোচনা রয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন এবার শুধু দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতার লড়াই হবে না; বরং বিএনপির জন্য সবচেয়ে বড় পরীক্ষা হবে দলীয় ঐক্য ধরে রেখে গ্রহণযোগ্য প্রার্থী নির্বাচন করা। কারণ মনোনয়ন ঘোষণার পর অভ্যন্তরীণ বিরোধ নিয়ন্ত্রণে রাখতে না পারলে সেই প্রভাব নির্বাচনের ফলাফলেও পড়তে পারে।

