নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইয়ের সময় টুটুল (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি নয়ন (২৭)কে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মিরপুর থানার দক্ষিণ পীরেরবাগ আমতলা এলাকায় র্যাব-১১-এর সিপিসি-১ ও র্যাব-২-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গত ২৮ জুন সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে বন্দরের আলীনগর এলাকার আকরাম সাহেবের লবণ ফ্যাক্টরির সামনে টুটুলকে নয়নসহ কয়েকজন অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে মারধরের পর বুকের মাঝখানে ছুরিকাঘাত করা হয়।
এ সময় দুর্বৃত্তরা টুটুলের কাছ থেকে নগদ ১২ হাজার ৫০০ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় টুটুলকে প্রথমে বন্দর উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ আগস্ট রাত ৩টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত টুটুলের পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে নয়নকে প্রধান আসামি হিসেবে শনাক্ত করা হয় বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার নয়নের বিরুদ্ধে বন্দর থানায় ছিনতাই ও ডাকাতিসহ চারটি মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর নয়নকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

