নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ট্রাকের ধাক্কায় বাড়ির সিঁড়ির অংশ ক্ষতিগ্রস্ত হওয়াকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলা, মারধর ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির দুই নেতাকে মারধরের অভিযোগ ওঠার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। পরে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত ফতুল্লার রামারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রামারবাগ এলাকায় ‘সুপার স্টার’ কোম্পানির একটি ট্রাকের ধাক্কায় সাবেক ছাত্রদল নেতা ও স্থানীয় বাসিন্দা মোহন আহম্মেদ ওরফে মমিনের বাড়ির বাইরের সিঁড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মোহন, আলতাফসহ কয়েকজন ট্রাকচালকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে চালককে মারধর করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান ফতুল্লা থানা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার ও সহসাধারণ সম্পাদক আনিছুর রহমান। তারা চালককে মারধরের কারণ জানতে চাইলে মোহন ও আলতাফের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। পরে পরিস্থিতি হাতাহাতিতে গড়ায়।
রুহুল আমিন শিকদার ও আনিছুর রহমানের অভিযোগ, চালককে মারধরের বিষয়ে জানতে চাইলে আলতাফ প্রথমে আনিছুর রহমানকে চর মারেন। এর প্রতিবাদ করলে আলতাফ ও তার লোকজন তাদের দুজনকেই মারধর করেন।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হতে থাকেন। তবে এর আগেই মোহন, আলতাফসহ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ঘটনাস্থল ত্যাগ করেন বলে স্থানীয়রা জানান।
পরে রাত ৯টার দিকে আলতাফের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। একই সময়ে কিছু নেতাকর্মী মোহনের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে দরজা-জানালা ভাঙচুর করেন বলেও অভিযোগ রয়েছে।
মোহন ও আলতাফের পরিবারের সদস্যদের অভিযোগ, রুহুল আমিন শিকদার ও তার অনুসারীরা তাদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছেন। তাদের দাবি, ট্রাকের ঘটনাকে কেন্দ্র করে শুরু থেকেই রুহুল আমিন ও তার অনুসারীরা সুপার স্টার কোম্পানির পক্ষ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় বিএনপি নেতারা ঘটনাস্থলে পৌঁছান। ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, বিএনপি নেতা তৈয়াবুর রহমানসহ কয়েকজন নেতা সেখানে গিয়ে উত্তেজিত নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, দুই বিএনপি নেতাকে মারধরের খবর পেয়ে তিনি ও তৈয়াবুর রহমানসহ অঙ্গসংগঠনের নেতারা ঘটনাস্থলে যান। সেখানে বিপুলসংখ্যক নেতাকর্মী উত্তেজিত অবস্থায় ছিলেন। পরিস্থিতি যাতে আরও ভয়াবহ না হয়, সে জন্য তাদের বুঝিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় রুহুল আমিন শিকদার বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ঘটনার পর বুধবার দুপুরে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ফতুল্লা থানা বিএনপি। সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মোহন আহম্মেদ ওরফে মমিনের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফতুল্লা থানা বিএনপির শীর্ষ নেতাদের ওপর হামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় মোহন আহম্মেদ ওরফে মমিনের বিএনপি ও অঙ্গসংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ স্থগিত করা হয়েছে।

