ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মো. কাউসার (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনজনে।
সোমবার (১৮ মে) সকাল সোয়া ৬টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বুধবার (১৩ মে) দুপুর পৌনে ২টার দিকে দগ্ধ অবস্থায় ১২ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে কাউসারের শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল।
এর আগে একই ঘটনায় দগ্ধ শঙ্কর (২৫) ও মো. আমির (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জানা গেছে, সোনারগাঁওয়ের একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে গ্যাস লিকেজ থেকে আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সেখানে থাকা শ্রমিক ও কর্মচারীরা দগ্ধ হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

