নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় এক পুলিশ কনস্টেবলকে ডেকে নিয়ে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। আহত পুলিশ সদস্যের নাম আবুল কালাম। তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকার একটি নির্জন বিলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে তারাবো পৌরসভার মাসাবো এলাকায় মাদক বিক্রি বন্ধে সক্রিয়ভাবে কাজ করছিলেন আবুল কালাম। এরই ধারাবাহিকতায় স্থানীয় মাদক কারবারি শাহাদাত ও এমদাদুলকে পুলিশে ধরিয়ে দেন তিনি। এ ঘটনার পর থেকেই আবুল কালামকে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন শাহাদাতের ছোট ভাই শাহজালাল।
বৃহস্পতিবার রাতে শাহজালাল ফোন করে আবুল কালামকে নির্জন বিলে ডেকে নিয়ে যান। সেখানে শাহজালাল ও তার সঙ্গে থাকা ১০-১৫ জন মিলে তার ওপর নির্যাতন চালান বলে অভিযোগ। এ সময় তার হাত-পা ভেঙে দেওয়া হয় এবং পায়ের রগ কেটে দেওয়া হয়। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।
পরে আবুল কালামকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে ইউএস বাংলা হাসপাতালের ম্যানেজার রনি হোসেন বলেন, ‘গতরাতে আবুল কালাম নামের একজন রোগী আমাদের হাসপাতালে এসেছিলেন। তার পায়ের হাড় ভাঙা ও রগে মারাত্মক জখম ছিল। আমাদের এখান থেকে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়।’
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ‘ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

