নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার সৎবাবা মো. মহসিন (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের নিমাইকাশারী এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় এক মাস ধরে বিভিন্ন সময়ে সুযোগ বুঝে কিশোরীকে ধর্ষণ করে আসছিলেন মহসিন। সর্বশেষ গত ২০ আগস্ট বিকেলে কিশোরীর মা কাজের জন্য বাসার বাইরে গেলে ফাঁকা বাসায় তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরে কিশোরী বিষয়টি তার মায়ের এক বান্ধবী মুক্তা আক্তারকে জানায়। তিনি বিষয়টি কিশোরীর দত্তক মা আকলিমা আক্তারকে জানান। খবর পেয়ে আকলিমা আক্তার ও তার পরিবারের সদস্যরা নিমাইকাশারীর বাসায় গিয়ে পুলিশের সহায়তায় কিশোরীকে উদ্ধার করেন।
এ ঘটনায় মো. নাঈম মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মহসিনকে গ্রেপ্তার করে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্তের পাশাপাশি তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

