সৌদি আরবে অবস্থিত যুক্তরাষ্ট্রের সকল দূতাবাসে যাবতীয় কনস্যুলার সেবা অনির্দিষ্টকালের জন্য বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। ভোরে রিয়াদস্থ মার্কিন দূতাবাসে দুটি ড্রোন হামলার ঘটনার পর নিরাপত্তার স্বার্থে এই কঠোর পদক্ষেপ নেওয়া হলো। ড্রোন হামলায় দূতাবাস ভবনে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং স্থাপনাটির আংশিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বিবৃতিতে বলা হয়, আজ মঙ্গলবারের জন্য নির্ধারিত নিয়মিত ও জরুরি সব সাক্ষাৎকার বাতিল করা হয়েছে। একই সঙ্গে রিয়াদ, জেদ্দা এবং দাহরামের মার্কিন মিশনগুলোতে কর্মরত ও অবস্থানরতদের জন্য ‘নিরাপদ অবস্থানে থাকার’ (শেল্টার-ইন-প্লেস) নির্দেশনা কার্যকর করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাধারণ নাগরিকদের দূতাবাস এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি সৌদি আরবে বসবাসরত মার্কিন নাগরিকদের নিজেদের ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচলের তাগিদ দেওয়া হয়েছে।
মঙ্গলবার ভোরে রিয়াদের মার্কিন দূতাবাসে দুটি ইরানি ড্রোন আঘাত হানে। এতে ভবনের একাংশে আগুন ধরে যায় এবং স্থাপনার অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।
নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় রিয়াদ, জেদ্দা ও দাহরামের সকল কনস্যুলার ও ভিসা সংক্রান্ত সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে।
মার্কিন মিশনগুলোর কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে, যাতে তারা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে অবস্থান করেন।
যুক্তরাষ্ট্রের নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা জোরদার করার পাশাপাশি দূতাবাস প্রাঙ্গণ থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে সৌদি আরবে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলো এখন তেহরানের সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

