একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেন, শিক্ষার্থীদের বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সন্তানদের সঠিকভাবে পরিচর্যা করলে তারাই একদিন নতুন বাংলাদেশ গড়ে তুলবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।
এমপি মান্নান বলেন, “মায়েরা হচ্ছেন শিক্ষার্থীদের মেরুদণ্ড। তাই মা ও অভিভাবকদের প্রতি অনুরোধ, আপনার সন্তানকে সন্ধ্যার পর বাইরে না রেখে নিজে পাশে বসে পড়াশোনায় মনোযোগী করুন। তারাই একদিন দেশের নেতৃত্ব দেবে। এখন থেকেই তাদের সঠিকভাবে পরিচর্যা করলে তারাই নতুন বাংলাদেশ উপহার দেবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাঈদুর রহমান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার।
এ ছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি মো. শাজাহান মিয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সেন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে ইয়াছিন নোবেল ও কাউসার আহমেদ এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১৩৫ জন শিক্ষার্থী এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৬৫ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
এ ছাড়া বিভাগীয় ও জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্তদেরও অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়।

