নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ আল আমিন ওরফে বুলবুল হত্যা মামলায় কথিত ‘সিফাত বাহিনী’র প্রধান শেখ সিফাতসহ সাত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় গ্রেপ্তার চার নারীকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) দুপুরে শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।
আদালত সূত্রে জানা যায়, বন্দর থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার ১১ আসামির প্রত্যেকের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে আদালত সাতজনকে ১০ দিন এবং চার নারী আসামিকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১০ দিনের রিমান্ডে নেওয়া আসামিরা হলেন—শেখ সিফাত (৩২), জুম্মন ওরফে হোয়াইট জুম্মন (২৯), মো. সিয়াম (২৫), মাহবুব হোসেন ওরফে মাহাফুজ (৩২), রিয়াদ (৩৩), ইরফান (২৯) ও সিজান ওরফে জিসান (২৬)।
অন্যদিকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে মিনারা (৩৫), রুমা (৩৬), নাসিমা ও ইয়াসমিনকে (৪০)।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় হামলার শিকার হন ইসলামী যুব আন্দোলনের বন্দর থানা (পশ্চিম) কমিটির যুগ্ম সম্পাদক জাহিদ আল আমিন ওরফে বুলবুল (৪০)। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে বন্দরের বিভিন্ন এলাকা থেকে ধারালো অস্ত্রসহ ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন বন্দর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি জানান, ২০২৪ সালের ২৩ জুলাই বুলবুলের অটোরিকশার গ্যারেজে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনার পর গত ২০ আগস্ট তিনি বন্দর থানায় মামলা করেন। মামলায় শেখ সিফাত ও তার সহযোগীদের আসামি করা হয়। পুলিশ বলছে, মামলা দায়েরের পর থেকেই বুলবুলকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল।
পুলিশের দাবি, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শেখ সিফাতের নেতৃত্বে একদল ব্যক্তি লোহার পাইপ ও ধারালো অস্ত্র নিয়ে বুলবুলের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার শেখ সিফাতের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ আগের ১৪টি মামলা রয়েছে। তার সহযোগী জুম্মন ওরফে হোয়াইট জুম্মনের বিরুদ্ধে নয়টি এবং রিয়াদের বিরুদ্ধে চারটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
এসপি মিজানুর রহমান মুন্সির ভাষ্য অনুযায়ী, শেখ সিফাত ও তার সহযোগীদের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের কয়েকজন এর আগেও বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছিল।
রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের পেছনের কারণ, হামলায় জড়িত অন্যদের পরিচয় এবং ঘটনার নেপথ্যের তথ্য বের করার চেষ্টা করবে পুলিশ।

