নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ, অননুমোদিত ওষুধ বিক্রি, নির্ধারিত নিয়ম না মেনে অ্যান্টিবায়োটিক বিক্রি এবং ওষুধ বিক্রির রেজিস্ট্রার যথাযথভাবে সংরক্ষণ না করায় এ জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) আড়াইহাজার বাজারে এ অভিযান পরিচালনা করেন আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।
অভিযানে আল আমিন ফার্মেসিতে এসব অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির দায়িত্বে থাকা মাহিন (৪০)কে ‘ওষুধ ও কসমেটিকস্ আইন, ২০২৩’-এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযান চলাকালে ফার্মেসিটিতে ফিজিশিয়ান স্যাম্পল ও অননুমোদিত ওষুধ মজুত ও বিক্রির বিষয়টি ধরা পড়ে। একই সঙ্গে চিকিৎসকের পরামর্শ ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করে অ্যান্টিবায়োটিক বিক্রি এবং ওষুধ বিক্রির রেজিস্ট্রার সঠিকভাবে সংরক্ষণ না করার প্রমাণও পাওয়া যায়।
এদিকে মোবাইল কোর্ট পরিচালনার খবর ছড়িয়ে পড়লে আড়াইহাজার বাজারের দুই শতাধিক ওষুধের দোকান বন্ধ করে ব্যবসায়ীরা সরে যান বলে জানা গেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন বলেন, ওষুধ বিক্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও নির্ধারিত নিয়ম মেনে চলা বাধ্যতামূলক। জনস্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

