কয়েকদিনের তীব্র ভোগান্তির পর নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। রান্নার সময় চুলায় গ্যাসের চাপ কম থাকার যে সমস্যা দেখা দিয়েছিল, তা অনেকটাই কেটে গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সম্প্রতি নারায়ণগঞ্জ শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যাওয়ায় বিপাকে পড়েন সাধারণ মানুষ। বিশেষ করে সকাল ও সন্ধ্যার সময়ে অনেক এলাকায় চুলায় গ্যাসের চাপ প্রায় থাকত না বললেই চলে। এতে রান্নাবান্না ব্যাহত হওয়ার পাশাপাশি বিকল্প জ্বালানির ওপর নির্ভরতা বাড়ে।
দেওভোগ, মাসদাইর, গাবতলী, জামতলা ও ফতুল্লার বিভিন্ন এলাকার বাসিন্দারা কয়েকদিন ধরে গ্যাস সংকটের কথা জানান। গ্যাসের চাপ না থাকায় অনেক পরিবার বাধ্য হয়ে এলপিজি সিলিন্ডার কিংবা লাকড়ির চুলা ব্যবহার করেন। কেউ কেউ আবার রান্না না করে স্থানীয় হোটেল-রেস্তোরাঁ থেকে খাবার কিনে নেন।
তবে গত কয়েকদিনের তুলনায় বর্তমানে গ্যাসের চাপ বেড়েছে বলে জানিয়েছেন বিভিন্ন এলাকার বাসিন্দারা। ফলে রান্নাবান্নার কাজে স্বাভাবিকতা ফিরে আসায় স্বস্তি দেখা দিয়েছে নগরবাসীর মধ্যে।
এ বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, গ্যাস সংকটকে শুধু নারায়ণগঞ্জের সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। সারা দেশের যে পরিস্থিতি, নারায়ণগঞ্জেও মূলত একই পরিস্থিতি বিরাজ করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তিনি আরও বলেন, বিভিন্ন মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী গ্যাস সরবরাহ পরিস্থিতির আরও উন্নতির চেষ্টা চলছে। আশা করা যায়, দ্রুত সময়ের মধ্যে সমস্যার পুরোপুরি সমাধান হবে।

