ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় একটি বাড়িতে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আরমান মিয়ার মালিকানাধীন তিন তলা ভবনের নীচ তলায় ঝুটের গুদামে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সন্ধ্যা সোয়া ৭ টার সময় ভবনটির নীচ তলায় ঝুটের গুদামে বিক্ট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে নীচতলার দেয়ালের বেশ কিছু অংশ, দরজা ও জানালা ধ্বসে পড়ে। এতে গুরুতর আহত হন ঝুট ব্যবসায়ি শিপন, তার কর্মচারি লিটন ও বাড়ির ভাড়াটিয়া ছগির। বিশফোরণের শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে শিপন ও লিটনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বিস্ফোরণের বিকট শব্দ ও ঝাঁকুনিতে আশাপাশের আরও চারটি বাড়ি ক্ষতগ্রস্থ হয়। বাড়িগুলোর জানালার কাঁচ ভেঙ্গে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের বিষয়ে তদন্ত শুরু করে। তিতাসের পাইপ লাইনের লিকেজ থেকে ঝুটের গুদামে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিস কর্মকর্তার। এ ঘটনায় ত্তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।

