বিএনপির প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) শহরের মিশনপাড়া এলাকার হোসিয়ারি সমিতি মিলনায়তনে আয়োজিত এ মাহফিলে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলন এবং বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গণতন্ত্রের জন্য তাঁর সংগ্রাম ও রাজনৈতিক আদর্শ দলীয় নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগাবে।
মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন রাজপথে ছিল। তাঁর রাজনৈতিক অবদান স্মরণ করে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া যে স্বপ্নের বাংলাদেশ চেয়েছিলেন, তাঁর সন্তান বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই বাংলাদেশ বিনির্মাণ করা হবে।
পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের নেতাকর্মী এবং দেশবাসীর কল্যাণ কামনা করা হয়।
এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

