দেশে পুনরায় কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদের স্থান হবে না উল্লেখ করে শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের সার্বিক পরিস্থিতিতে নৈরাজ্য সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে জেলা পরিষদ সংলগ্ন একটি মাঠে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
তিনি বলেন, “আগামীতে ৫ই আগস্টের শিক্ষা ও ইতিহাসকে স্মরণ রেখে আমাদের কাজ করতে হবে। বাংলাদেশে যাতে আর কোনো নতুন করে ফ্যাসিবাদের তৈরি না হয়, কোনো স্বৈরাচারের জন্ম না হয়—সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা বাংলাদেশে আর কোনো রক্তপাত চাই না। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই জনগণ জাতীয়তাবাদী শক্তির ওপর আস্থা রেখে আগামী সরকারের নেতৃত্বে দেখতে চায়। আগামী ৫ বছর দল কীভাবে দেশ পরিচালনা করবে এবং কীভাবে দেশের উন্নয়ন সাধন করবে, সেটাই আমাদের মূল লক্ষ্য।”
বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে বিএনপি নেতা মামুন মাহমুদ বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দল ও জামায়াতে ইসলামী সমালোচনা করতেই পারে, গণতান্ত্রিক সমালোচনাকে আমরা স্বাগত জানাই। এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু গত কয়েকদিনে তোলারাম কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করা হয়েছে। এটি কোনো গণতান্ত্রিক আন্দোলন নয়, বরং নৈরাজ্য।”
তিনি সতর্ক করে দিয়ে বলেন, “শিক্ষাঙ্গনে কিংবা দেশে অরাজক পরিস্থিতি ও নৈরাজ্য সৃষ্টি করে ফের ফ্যাসিবাদের পুনরাবৃত্তির পথ সুগম করবেন না। সব পক্ষকে দায়িত্বশীল আচরণ ও শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।”
সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, শহিদুল ইসলাম টুটুল, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীসহ জেলা ও থানা বিএনপির নেতাকর্মীরা।

