নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে একই পরিবারের জমজ দুই ভাইসহ তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের আবহ বিরাজ করছে পুরো এলাকায়। দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাতে তাদের বাড়িতে গিয়ে পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বাড়িমজলিশ এলাকায় নিহত শিক্ষার্থীদের বাড়িতে যান তিনি। এ সময় শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে এমপি আজহারুল ইসলাম মান্নান বলেন, মেঘনা নদীতে ডুবে তিন কোমলমতি শিক্ষার্থীর প্রাণহানির ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। সন্তান হারানোর এ শোক কোনোভাবেই পূরণ হওয়ার নয়। নিহতদের স্বজনদের পাশাপাশি এ ঘটনায় পুরো এলাকাবাসীও গভীরভাবে শোকাহত।
তিনি বলেন, দুঃসময়ে বিএনপি ও দলের পক্ষ থেকে শোকাহত পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তাঁর ত্রাণ তহবিলের মাধ্যমে নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, যুবদল নেতা রাকিব হাসান ও সোহেল রানা এবং উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জহিরুল ইসলাম জনিসহ স্থানীয় নেতাকর্মীরা।
এর আগে গত রবিবার (২০ সেপ্টেম্বর) সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামে তিন শিক্ষার্থী। গোসলের একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তারা পানিতে তলিয়ে যায়। পরে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালানো হলে একে একে তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলো একই পরিবারের জমজ দুই ভাই আরিফিন ও আশিকিন (১৫) এবং তাদের প্রতিবেশী আবির (১৪)। তিনজনই মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

