নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বপন দত্ত (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার স্বপন দত্ত কুমিল্লা কোতোয়ালি থানার রানী দীঘির পাড় এলাকার মৃত রমনি দত্তের ছেলে। তিনি কুমিল্লার রাজমঙ্গলপুর এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত প্রায় ৯টার দিকে জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামের হাবিবুর রহমান পিয়ারের বাড়ির সামনের গেট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন স্বপন দত্তকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় স্বপন দত্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে থানার নথি ও পুলিশের সিডিএমএস যাচাই করে তার বিরুদ্ধে আরও দুটি মাদক মামলা আদালতে বিচারাধীন থাকার তথ্য পাওয়া যায়।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় স্বপন দত্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পাশাপাশি থানার নথি ও সিডিএমএস পর্যালোচনা করে তার বিরুদ্ধে আরও দুটি মাদক মামলা আদালতে বিচারাধীন থাকার তথ্য পাওয়া গেছে।
আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্রেপ্তার স্বপন দত্তকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

