ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ করার কারণে ঢাকামুখী লেনে দিনভর ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী, পরিবহন চালক ও শ্রমিকরা। সোমবার বিকেল পাঁচটায় যানজটের বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার পরিদর্শক শ্রী কৃষ্ণপদ জানান, এখনো মেঘনা ব্রিজ পর্যন্ত যানজট অব্যাহত রয়েছে।
ট্রাফিক পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দিবাগত মধ্যরাত রাত থেকে সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ শুরু হয়। কাজের সুবিধার্থে ঢাকামুখী লেনের একটি অংশ বন্ধ রেখে এক লেন দিয়ে যান চলাচল করানো হচ্ছে। এতে মহাসড়কে তীব্র যানজট ছড়িয়ে পড়েছে। সোমবার দিনভর বন্দরের লাঙ্গলবন্ধ ব্রিজ থেকে এ যানজট মেঘনা ব্রিজ পর্যন্ত ছড়িয়ে পড়ে।
ঢাকাগামী ট্রাকচালক সালাম মিয়া জানান, সকাল ৮টার দিকে যানজটে আটকা পড়েন। দীর্ঘ সময় অপেক্ষার পরও যান চলাচল স্বাভাবিক না হওয়ায় ভোগান্তি পোহাতে হয়েছে।
যাত্রী আয়েশা সিদ্দিকা বলেন, স্বাভাবিক সময়ে যেখানে ২০ মিনিট লাগে, সেখানে আজ ৩ ঘণ্টা ধরে যানজটে বসে আছি।
মাইক্রোবাস চালক রিপন রহমান বলেন, মেঘনা টোলপ্লাজা থেকে ঢাকামুখী লেনের প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। চট্টগ্রামমুখী লেনে কিছুটা স্বাভাবিক থাকলেও ঢাকামুখী লেনে ৩ ঘন্টায় অপেক্ষা করতে হয়েছে। অথচ স্বাভাবিক সময়ে এ পথ পাড়ি দিতে ১০ থেকে ২০ মিনিট সময় লাগে।
কাঁচপুর হাইওয়ে থানার পরিদর্শক শ্রী কৃষ্ণপদ বলেন, লাঙ্গলবন্দ সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ করায় সোমবার মধ্যরাত থেকে ঢাকামুখী লেনে যানজট সৃষ্টি হয়েছে। এক লেন দিয়ে যান চলাচল করানো হচ্ছে। মঙ্গলবার ভোরে লেনটি খুলে দেয়া হবে। পরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তিনি সোমবার বিকেল পাঁচটায় জানান, এখনো মেঘনা ব্রিজ পর্যন্ত যানজট অব্যাহত রয়েছে।

