নারায়ণগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।
সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, মাদক বর্তমানে সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এ সমস্যা থেকে উত্তরণে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে প্রতিটি এলাকার পঞ্চায়েত কমিটিকে মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে স্থানীয়ভাবে উদ্যোগ নেওয়া হলে থানা পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা করবে। একই সঙ্গে অপরাধ প্রতিরোধে প্রশাসন ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধের বিষয়টিও উঠে আসে। এসব অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ এ সড়কে পুলিশের টহল ও নজরদারি বাড়ানোর আহ্বান জানানো হয়।
ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া টেকসইভাবে এসব সমস্যা দূর করা সম্ভব নয়।
সভায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

