নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৯ মাস বয়সী কন্যাশিশুকে মাথার ওপর তুলে আছাড় মারার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। একইসঙ্গে শিশুটির বাম পায়ের উরুতে কামড় দিয়ে রক্তজমাট ও নীলাফুলা জখম করারও অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত বাবা সোহেল মোল্লা (২৪) মাদকাসক্ত বলে দাবি করেছেন শিশুটির মা।
এ ঘটনায় শিশুটির মা রিনা আক্তার বাদী হয়ে গত ৮ আগস্ট আড়াইহাজার থানায় মামলা করেছেন। অভিযুক্ত সোহেল মোল্লা নরসিংদীর মাধবদী এলাকার আমজাদ মোল্লার ছেলে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
মামলার এজাহার ও শিশুটির পরিবারের অভিযোগ অনুযায়ী, সোহেল মোল্লা মাদকাসক্ত এবং তিনি প্রায়ই স্ত্রী রিনা আক্তারকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। একপর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে রিনা তাঁর ৯ মাস বয়সী মেয়ে বুশরাকে নিয়ে আড়াইহাজারের কামরানিচর মধ্যপাড়া এলাকায় বাবার বাড়িতে চলে যান।
গত ৭ আগস্ট সোহেল সেখানে গিয়ে শিশুটিকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, একপর্যায়ে তিনি শিশুটিকে খাটের ওপর থেকে মাথার ওপর তুলে আছাড় মারেন। এতে শিশুটির মাথায় গুরুতর আঘাত লাগে এবং নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়।
এরপর শিশুটির বাম পায়ের উরুতে কামড় দেন সোহেল। এতে ওই স্থানে রক্তজমাট ও নীলাফুলা জখম হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরে পরিবারের সদস্যদের হুমকি দিয়ে সোহেল ঘটনাস্থল থেকে চলে যান।
আহত অবস্থায় শিশুটিকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত নির্মম। এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। দ্রুতই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

