নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকা, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে আড়াইহাজার বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন।
অভিযানকালে পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য না রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় মেসার্স জাহাঙ্গীর স্টোরের মালিক জাহাঙ্গীরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অপরাধে নুসাইবা কনফেকশনারির মালিক বিল্লালকে ৩৭ ধারায় জরিমানা করা হয়। পাশাপাশি মূল্যতালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় তাকে আরও জরিমানা করা হয়। সব মিলিয়ে ওই প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স আসাদুল স্টোরের মালিক আসাদুল্লাহকে ৩৮ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।
মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে মেসার্স আবদুল্লাহ কনফেকশনারির মালিক আবদুল্লাহকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ২১ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে পণ্যের মান ও মূল্য সংক্রান্ত অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

