নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত দলের সদস্যদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে আত্মরক্ষার্থে শর্টগান থেকে চার রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া ৩টার দিকে উপজেলার জালাকান্দি এলাকায় আড়াইহাজার-বিশনন্দী সড়কে এ ঘটনা ঘটে।
গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মুখলেসুর রহমান জানান, জালাকান্দি এলাকায় একদল ডাকাত সড়কে গাছ ফেলে ব্যারিকেড তৈরি করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে ওই এলাকায় টহলরত উপপরিদর্শক (এসআই) হুমায়ুন ও তিনজন কনস্টেবল ঘটনাস্থলে গেলে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।
এ সময় পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে শর্টগান থেকে চার রাউন্ড গুলি ছোড়েন। একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ঘটনায় কোনো পুলিশ সদস্য বা ডাকাত আহত হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, ডাকাত দলের সদস্যদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

