নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, এসআই (নিঃ) মো. মনোয়ার হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত প্রায় ৭টা ৫০ মিনিটে ফতুল্লার ইসদাইর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ইসদাইরের অক্টো অফিস সংলগ্ন শেরে বাংলা ছাত্রাবাসের সামনের তিন রাস্তার মোড় থেকে মো. মুরাদ হোসেন সাব্বির (২২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের শহিদুলের ছেলে। বর্তমানে ফতুল্লার ইসদাইর বাজার এলাকায় ফারুক মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে পিসিপিআর (PCPR) যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
পুলিশের দাবি, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

