নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক কিশোরসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মদনপুর ইউনিয়নের মদনপুর কবরস্থান সংলগ্ন ফুলহর কাওসার ফার্মেসির সামনে সড়ক থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন রাকিব হাসান (২২) ও এক কিশোর (১৭)। রাকিব বর্তমানে বন্দর উপজেলার ফুলহর এলাকায় বসবাস করলেও তার স্থায়ী বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ এলাকায়। অপরদিকে, গ্রেপ্তার কিশোর বন্দর উপজেলার ফুলহর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন দুইজনকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে ৩ কেজি গাঁজা জব্দ করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

