নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে ওষুধ বিক্রির বিভিন্ন নিয়ম লঙ্ঘনের দায়ে তিনটি ফার্মেসিকে মোট ৩৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বুধবার (২২ জুলাই) বিকেল ৩টার দিকে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফয়েজ উদ্দীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত তাইয়্যেবা মেডিসিন কর্নারকে ২৫ হাজার টাকা, পূর্ব দেলপাড়ায় মেম্বারের অফিস সংলগ্ন তাসকিয়া মেডিসিন কর্নারকে ৮ হাজার টাকা এবং একই এলাকার তাকওয়া ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট ফার্মেসিগুলোতে ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি, বৈদেশিক ওষুধের অনিয়মিত বিক্রি, প্রয়োজনীয় নিবন্ধন ছাড়া ওষুধ বিক্রি এবং ওষুধ সংক্রান্ত বিভিন্ন বিধিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে জরিমানার আদেশ দেন।
অভিযানে সদর উপজেলার ড্রাগ সুপার মোহাম্মদ কবির হোসেনসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় ওষুধ ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, আইন ও বিধিমালা মেনে ফার্মেসি পরিচালনা করতে হবে। ভবিষ্যতে একই ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হলে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

