নারায়ণগঞ্জের দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের আয়োজনে ইংরেজি মেলা ও বিতর্ক চ্যাম্পিয়নশিপ সিজন-১-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে ফতুল্লার কুতুবপুরস্থ মিরকুঞ্জ পার্টি সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ইংরেজি ভাষা চর্চা, উপস্থাপনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ মনিরুজ্জামান মুকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পোকেন ইংলিশ অ্যান্ড ফোনেটিক্স, সাইফুরস-এর সিনিয়র ফ্যাকাল্টি ও প্রশিক্ষক মোহাম্মদ রাজিব হোসাইন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নর্দান ইউনিভার্সিটির সাবেক প্রভাষক শামীম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিতর্ক চ্যাম্পিয়ন ও ৪৭তম বিসিএস ক্যাডার (সুপারিশপ্রাপ্ত) আজাদ হোসাইন, ফিনটেক, ডিজিটাল ব্যাংকিং ও ডিজিটাল ট্রান্সফরমেশন পরামর্শক ইঞ্জিনিয়ার মো. ফিরোজ কবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মো. মিলন হোসাইন, জাতীয় বিতর্ক চ্যাম্পিয়ন নুসরাত জাহান সোনিয়া, আরমানি প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান ও সিইও আরিফুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মো. জাবের আল মাহমুদ এবং মোহাম্মদ আখতারুজ্জামান বুলবুলসহ আরও অনেকে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ জেলার প্রায় ২৫ থেকে ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান ইংরেজি মেলা ও বিতর্ক চ্যাম্পিয়নশিপ সিজন-১-এ অংশগ্রহণ করে। দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা শেষে বিচারকদের রায়ে দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে ট্রফি, সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি, যুক্তিবাদী চিন্তাচর্চা এবং আত্মবিশ্বাস গড়ে তুলতেই এ ধরনের আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

