নারায়ণগঞ্জের বন্দর উপজেলার জাঙ্গাল আইলপাড়া এলাকায় স্থানীয় সামাজিক সংগঠন ‘ন্যায় নীতি আদর্শ সংগঠন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা শিল্পী জাহাঙ্গীর আলম ইমন সঞ্চালকের দায়িত্ব পালন করেন। তিনি বক্তব্যের শুরুতে সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে গত এক বছরে পরিচালিত বিভিন্ন সামাজিক কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কবি, প্রাবন্ধিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহেদ কায়েস এবং হেল্প হাসপাতালের চেয়ারম্যান ডা. আবদুল্লাহ আল মামুন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওমর ফারুক।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি হেলাল হোসেন (আদনান), সাধারণ সম্পাদক ওমর শরিফ, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, সদস্য সচিব শরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজিব হোসেনসহ সংগঠনের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার তরুণরা।
বক্তব্যে চেয়ারম্যান কামাল হোসেন বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই করে না, মানুষের সুস্থ জীবন নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে বৃক্ষরোপণে এগিয়ে আসার পাশাপাশি লাগানো গাছের পরিচর্যায়ও দায়িত্বশীল হতে হবে।
হেল্প হাসপাতালের চেয়ারম্যান ডা. আবদুল্লাহ আল মামুন বলেন, মানুষের জীবনধারণের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের অন্যতম প্রধান উৎস হলো গাছ। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ুর ভারসাম্য রক্ষা এবং সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও এর সঠিক পরিচর্যার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

