নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। সোমবার (৬ জুলাই) তিনি উপজেলা নির্বাহী অফিস, উপজেলা ভূমি অফিস, বৈদ্যেরবাজার ইউনিয়ন ভূমি অফিস, পৌর ভূমি অফিস (আমিনপুর), বৈদ্যেরবাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টারসহ সফরসূচিতে অন্তর্ভুক্ত বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বিভিন্ন দপ্তরের সেবাদান কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি সরকারি সেবা আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন এবং সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি বা দুর্নীতির শিকার না হয়ে দ্রুত সেবা পেতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সেবা নিতে আসা সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।

