সাংবাদিকদের সঙ্গে বিবাদে জড়িয়ে কয়েক দিন ধরেই আলোচনায় চিত্রনায়িকা পরীমনি। আদালত প্রাঙ্গণের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিভিন্ন বক্তব্য ও পোস্ট নিয়েও চলছে আলোচনা। এর মধ্যেই নায়ক জয় চৌধুরীর সঙ্গে একটি ছবি ফেসবুকে প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
ছবির সঙ্গে লিখেছেন মাত্র দুটি শব্দ। ‘দেখা হচ্ছে’। পরীমনির এমন পোস্ট ঘিরে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।
তবে কার সঙ্গে বা কোথায় দেখা হওয়ার কথা জানিয়েছেন, সে বিষয়ে পোস্টে বিস্তারিত কিছু উল্লেখ করেননি অভিনেত্রী। জয় চৌধুরীর সঙ্গে তার এই ছবির পেছনে কোনো নতুন কাজের পরিকল্পনা আছে কি না, সেটিও এখনো স্পষ্ট নয়।
সম্প্রতি ঢাকার আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতিতে জড়ান পরীমনি। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পাওয়ার পর বের হওয়ার সময় এক সাংবাদিকের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।
এ ঘটনায় পরীমনি ও তার নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে দুর্ব্যবহার ও হেনস্তার অভিযোগ ওঠে।
অন্যদিকে পরীমনির অভিযোগ, ওই সাংবাদিক তার গায়ে হাত দিয়েছিলেন। ঘটনাটি নিয়ে দুই পক্ষের বক্তব্যও সামনে আসে।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট ও বক্তব্যেও সাংবাদিকদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী। ঘটনাটির প্রতিবাদে চট্টগ্রামের সাংবাদিকদের আপত্তির মুখে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকেও বাদ পড়েন তিনি। আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামে অনুষ্ঠেয় ওই আয়োজনে তার অংশ নেওয়ার কথা ছিল।
এরপর আরেকটি অনুষ্ঠানে সাংবাদিকদের ‘ভুয়া ভুয়া’ স্লোগানের প্রতিবাদে মধ্যাঙ্গুলি প্রদর্শন করেও আলোচনার জন্ম দেন এই তারকা।
এমন পরিস্থিতির মধ্যেই জয় চৌধুরীর সঙ্গে ছবি দিয়ে ‘দেখা হচ্ছে’ লেখায় পরীমনির পরবর্তী পরিকল্পনা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এটি কি কোনো অনুষ্ঠানে অংশ নেওয়ার ইঙ্গিত, নাকি নতুন কোনো কাজের আভাস তা অবশ্য এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। অভিনেত্রীর কাছ থেকেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

