নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক ও বিভিন্ন অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজা ও ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক মামলার আসামি, আদালতের পরোয়ানাভুক্ত ও মাদকসেবনের অভিযোগসহ বিভিন্ন মামলায় মোট ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ
সোমবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিকের নেতৃত্বে পুলিশের একাধিক দল অভিযানে অংশ নেয়।
গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলায় চারজন, আদালতের পরোয়ানাভুক্ত সাতজন, মাদকসেবনের অভিযোগে ১৮ জন এবং জনশৃঙ্খলা রক্ষায় ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজন রয়েছেন।
মাদক মামলায় গ্রেপ্তার চারজন হলেন—চেঙ্গাকান্দি এলাকার আবু সাঈদ (২৮), পাকুন্ডা মধ্যপাড়ার আব্দুল কাদির (৪১), ভাটিবন্দর এলাকার আছিয়া (৫৫) ও শাহপুর এলাকার কাউসার (৪০)।
এ ছাড়া আদালতের পরোয়ানাভুক্ত মোফাজ্জল মিয়া, নুর হোসেন, রুহুল আমিন, সুলতান মিয়া, সাব্বির হোসেন, আলামিন ও মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার ১৮ জনের মধ্যে সোনারগাঁয়ের স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে এসে বসবাসকারী ব্যক্তি ও ভাড়াটিয়াও রয়েছেন। জনশৃঙ্খলা রক্ষায় মো. আরাফাত (১৯) নামে আরও একজনকে ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেপ্তারদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।

