বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে আগামী মঙ্গলবার (৩০ জুন) নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। কর্মসূচিকে সফল করতে জেলা ও মহানগর যুবদলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি এবং মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
নেতৃবৃন্দ জানান, মঙ্গলবার সকাল ১১টায় নগরীর খানপুর হাসপাতাল রোডে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অপপ্রচার, কুরুচিপূর্ণ বক্তব্য এবং শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক চর্চার বিরুদ্ধে এ কর্মসূচি পালন করা হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও ঢাকা বিভাগীয় পর্যবেক্ষক দলের সদস্য ইয়াসিন ফেরদৌস মুরাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর খান দীপক এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, কর্মসূচিতে জেলা ও মহানগর যুবদলের আওতাধীন বিভিন্ন থানা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেবেন। এজন্য সাংগঠনিকভাবে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সভায় উপস্থিত নেতারা নির্ধারিত সময়ের আগেই কর্মস্থলে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার জন্য যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

