ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ কথায় আছে, “যায় লঙ্কায়, সে-ই হয় রাবণ।” দেশের রাজনৈতিক বাস্তবতায় বহুল ব্যবহৃত এই প্রবাদটি যেন নতুন করে প্রতিফলিত হচ্ছে নারায়ণগঞ্জের রাজনীতিতে। দীর্ঘদিন বিরোধী দলে থেকে নির্যাতন-নিপীড়নের শিকার হয়ে জনমনে সহানুভূতি অর্জন করা বিএনপির একটি অংশকে ঘিরে এখন উল্টো অভিযোগ উঠছে—ক্ষমতার বলয়ের কাছাকাছি যেতেই তারা আবারও পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতির ধারায় ফিরে যাচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষক ও বিএনপির ত্যাগী নেতাকর্মীদের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে যারা সুবিধাবাদী অবস্থান নিয়ে ক্ষমতাসীনদের সঙ্গে সমঝোতায় চলেছেন, তারাই এখন বিএনপির নাম ব্যবহার করে নানা দখল, চাঁদাবাজি ও প্রভাব বিস্তারের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। অথচ দীর্ঘদিন মামলা, হামলা ও নির্যাতনের শিকার হওয়া প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের বড় একটি অংশ এখনও দলীয়ভাবে মূল্যায়ন কিংবা সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।
দলীয় বিভিন্ন সূত্রের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই নারায়ণগঞ্জে দখল ও প্রভাব বিস্তারের প্রতিযোগিতা দৃশ্যমান হয়ে ওঠে। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতা এবং আওয়ামী লীগবিরোধী জনমতকে কাজে লাগিয়ে কিছু সুবিধাবাদী চক্র বিভিন্ন আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালায়।
বিএনপি সরকার গঠন করার পর থেকে শহর ও বন্দর এলাকায় খেয়াঘাট, ফেরিঘাট, বাস টার্মিনাল, হকার নিয়ন্ত্রণ, সিএনজি ও অটোরিকশা স্ট্যান্ড দখল এবং চাঁদাবাজির মতো কর্মকাণ্ড নিয়েও বিএনপির নামধারী কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য, এসব কর্মকাণ্ডের ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বাড়ছে। এমনকি তারা নব্য বিএনপি হয়ে এ সকল কমর্কান্ড করছে যাতে করে বিএনপির সুনাম ক্ষুন্ন হয়। তারা আরও বলেন, বিগত দিনে যারা হামলা মামলার খেয়ে রাজপথে সক্রিয় ছিল তারা আজ হারিয়ে যাচ্ছে নব্য বিএনপিদের কারনে।
এছাড়া জেলার বিভিন্ন স্থানে অবৈধ ড্রেজার ব্যবসা, মামলা বাণিজ্য এবং প্রশাসনের কিছু অসাধু সদস্যের সঙ্গে যোগসাজশের অভিযোগও রয়েছে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের আমলে সক্রিয় থাকা কিছু সোর্স এখনও প্রশাসনের ছত্রছায়ায় প্রভাব বিস্তার করছে এবং নিরীহ মানুষকে হয়রানি করে অর্থ আদায় করছে।
সচেতন মহলের মতে, জুলাই বিপ্লবের পর দেশের মানুষ যে নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রত্যাশা করেছিল, নারায়ণগঞ্জে তার উল্টো চিত্রই এখন দৃশ্যমান। চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস, মাদক ব্যবসা ও প্রকাশ্যে অস্ত্রের ব্যবহার আবারও উদ্বেগজনক হারে বাড়ছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নারায়ণগঞ্জে বিএনপির নাম ব্যবহার করে দখল ও চাঁদাবাজির অভিযোগ নতুন নয়। ২০২৫ সালে সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের দুই নেতাকে আটক করে প্রশাসন, যা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে অভিযোগ করা হয়, তারা স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান থেকে অর্থ আদায়ের সঙ্গে জড়িত ছিলেন।
একইভাবে ২০২৬ সালে সিদ্ধিরগঞ্জ এলাকায় বাজার নিয়ন্ত্রণ, দোকানপাট থেকে চাঁদা আদায় এবং সরকারি জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা কেন্দ্রিক বিরোধে এক বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ উঠে। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয় এবং জেলা বিএনপি ওই নেতাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
এছাড়া ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে ঝুট ব্যবসা, বাজার নিয়ন্ত্রণ এবং বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিং ও সংঘর্ষের ঘটনাও সংবাদ শিরোনাম হয়েছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে বলে স্থানীয়দের দাবি।
ত্যাগী নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে থাকা নেতাদের মূল্যায়নের পরিবর্তে সুবিধাবাদী ও বিতর্কিত ব্যক্তিদের প্রভাব বৃদ্ধি পাওয়ায় দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের মতে, দলীয় পরিচয় ব্যবহার করে কেউ দখল, চাঁদাবাজি বা প্রভাব বিস্তারের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া জরুরি।
সচেতন মহলের প্রশ্ন, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে যে রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে বিএনপি আন্দোলন করেছে, সেই একই অভিযোগ যদি এখন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে উঠতে থাকে, তাহলে জনগণের কাঙ্ক্ষিত রাজনৈতিক পরিবর্তন কতটা বাস্তবায়িত হবে? “যায় লঙ্কায়, হয় রাবণ” এই প্রবাদটি তাই আবারও নতুন করে আলোচনায় উঠে আসছে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে।

