নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের ভোলাইল মিষ্টির দোকান সংলগ্ন এলাকায় অবস্থিত কল্যাণী খাল দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে খালের ওপর ও আশপাশের এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে মঙ্গলবার (৯ জুন) এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে খালের ওপর নির্মিত বিভিন্ন অবৈধ স্থাপনা চিহ্নিত করে অপসারণ কার্যক্রম শুরু করা হয়। এর মধ্যে কয়েকটি বড় শিল্পপ্রতিষ্ঠান ও গার্মেন্টস কারখানার দখলে থাকা অংশের পাশাপাশি ব্যক্তিমালিকানাধীন অবৈধ স্থাপনাও উচ্ছেদের আওতায় আনা হয়।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, জলাবদ্ধতা নিরসন, খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং সরকারি সম্পত্তি রক্ষার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কল্যাণী খাল পুরোপুরি দখলমুক্ত না হওয়া পর্যন্ত ধাপে ধাপে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তারা।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবিরের নির্দেশনায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি খাল, নদী ও জলাশয় দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হবে।

