ক্তরাষ্ট্রে চিকিৎসাধীন থাকলেও দলের প্রয়োজনে যে কোনো সময় দেশে ফিরতে প্রস্তুত বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল। নিউইয়র্কে নারায়ণগঞ্জ জেলা সমিতি অব উত্তর আমেরিকা ইনকের বর্ষবরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা সমিতি অব উত্তর আমেরিকা ইনকের বর্ষবরণ ১৪৩৩ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির সাবেক নেতা এটিএম কামাল বলেছেন, তিনি দলের একজন সাধারণ কর্মী হিসেবে যে কোনো সময় দেশের প্রয়োজনে ফিরে আসতে প্রস্তুত রয়েছেন।
শুক্রবার (১৯ জুন) নিউইয়র্কের হেকশেয়ার স্টেট পার্কে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি অ্যাডভোকেট আবুল কালাম, নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের সভাপতি মামুন মাহমুদ, এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবসহ নারায়ণগঞ্জ বিএনপির নেতাদের শুভেচ্ছা প্রবাসীদের কাছে পৌঁছে দেন।
এ সময় এটিএম কামাল বলেন, বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে তিনি ও তার পরিবার নানা নির্যাতনের শিকার হয়েছেন। এসব কারণে বর্তমানে শারীরিক নানা জটিলতায় ভুগছেন এবং তার চিকিৎসা যুক্তরাষ্ট্রে চলমান রয়েছে। তবে দলের প্রয়োজন হলে দেশে ফিরে দায়িত্ব পালনে তিনি প্রস্তুত আছেন বলেও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, প্রবাসীদের ভালোবাসা ও আন্তরিকতার টানেই দূর-দূরান্ত থেকে অনুষ্ঠানে যোগ দিয়েছেন। একই সঙ্গে নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

