সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে ইটভাটা ব্যবসা পরিচালনার পাশাপাশি ব্যবসায়ীদের বিদ্যমান সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
তিনি বলেন, ইটভাটা পরিচালনার ক্ষেত্রে মালিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে ব্যবসা পরিচালনায় যেসব বাস্তব সমস্যা রয়েছে, সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে হবে। পারস্পরিক আলোচনা, সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে এসব সমস্যার সমাধানের পথ বের করতে হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বক্তাবলী ইউনিয়নের আঞ্চলিক কার্যালয়ে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির বক্তাবলী ইউনিয়ন আঞ্চলিক শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাজী মো. ছলিম উল্লাহর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান ও সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির।
সভায় ইটভাটা ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রশাসনের সঙ্গে সমন্বয়, বিদ্যমান আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনা এবং ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, পরিবেশ দূষণের ক্ষেত্রে শুধু ইটভাটাই নয়, নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত বিভিন্ন শিল্প-কারখানাও গুরুত্বপূর্ণ বিষয়। নারায়ণগঞ্জে বিভিন্ন স্থানে যত্রতত্র শিল্প-কারখানা গড়ে উঠছে।
তিনি বলেন, আজকের সভায় ইটভাটা মালিকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন। এসব সমস্যা সমাধানে চেম্বার অব কমার্সের পক্ষ থেকে তাঁর যতটুকু করণীয় রয়েছে, তিনি তা করার চেষ্টা করবেন।
সভাপতির বক্তব্যে হাজী মো. ছলিম উল্লাহ বলেন, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। মালিকদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি নিয়মতান্ত্রিকভাবে ব্যবসা পরিচালনার পরিবেশ তৈরিতেও সংগঠন কাজ করবে।
তিনি বলেন, ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্টদের সহযোগিতা প্রয়োজন। ইটভাটা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে মালিকদের বিভিন্ন সমস্যা, প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং বিদ্যমান নিয়ম-কানুন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বক্তাবলী এলাকার বিভিন্ন ইটভাটার মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

