দেশের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে দক্ষ, কর্মমুখী এবং আত্মনির্ভরশীল জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
রোববার (১ নভেম্বর) সকালে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল কালাম বলেন, দেশ গঠনের দায়িত্ব কেবল যুবসমাজের একার নয়। সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। দেশের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য কর্মমুখী এবং আত্মনির্ভরশীল জনশক্তি তৈরি করা জরুরি। এ ক্ষেত্রে তরুণদের প্রযুক্তিগত জ্ঞান ও ভাষাগত দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপনে নারায়ণগঞ্জে যুব র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি বলেন, দেশে দক্ষ জনশক্তির ঘাটতি রয়েছে। তবে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারলে একজন মানুষ যেকোনো ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারেন।
তিনি আরও বলেন, বেকার ও কর্মহীন যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা এবং তাদের আত্মনির্ভরশীল করে তোলা যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যতম দায়িত্ব।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আবুল বাসার।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উদ্যোক্তা, যুব প্রশিক্ষণকেন্দ্রের প্রতিনিধি ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

