নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে মোস্তফা মিয়ার বাড়ির নিচতলার একটি ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহতদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
দগ্ধরা হলেন— আব্দুল মান্নান (৫০), সুলতানা (৩৫), সিয়াম (১৯), মিম (১৩) ও হযরত আলী (৮)। হাসপাতাল সূত্রে জানা গেছে, সুলতানার শরীরের প্রায় ৯০ শতাংশ, সিয়ামের ৭৭ শতাংশ, মিমের ৪১ শতাংশ, মান্নানের ৩০ শতাংশ এবং হযরত আলীর ৮ শতাংশ পুড়ে গেছে। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ঘরের ভেতরে গ্যাস জমে থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। সকালে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই পরিবারের সদস্যরা দগ্ধ হন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, গ্যাসের লিকেজ থেকে ঘরের মধ্যে গ্যাস জমে ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে।

