ডেইল নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবেশে অটোরিকশা চালকের গলা কেটে হত্যা চেষ্টার ঘটনায় জড়িত প্রধান আসামি আঃ রাহিম (২৯) কে ছুরিসহ গ্রেপ্তার করেছে র্যাব-১১। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ফতুল্লার উত্তর দেওভোগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ জানায়, “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করে আসছে র্যাব। গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় বিভিন্ন অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে জনগণের আস্থা অর্জন করেছে বাহিনীটি।
স্থানীয় সূত্র ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২১ মে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ফতুল্লার কাশিপুর বাংলাবাজার এলাকায় দুই ব্যক্তি যাত্রীবেশে অটোরিকশা চালক আমিনুল ইসলামের অটোরিকশায় ওঠে। পরে নির্জন স্থানে পৌঁছালে তারা পেছন দিক থেকে ধারালো ছুরি দিয়ে চালকের গলায় আঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা চালায়।
এ ঘটনায় গুরুতর আহত হন চালক আমিনুল ইসলাম (৪৮)। তার গলার একটি রগ কেটে যায় এবং হাতে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তার চিৎকার শুনে এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহত আমিনুল ইসলাম গাইবান্ধা জেলার মফিজার রহমানের ছেলে। জীবিকার তাগিদে তিনি ফতুল্লার মাসদাইর বাজার এলাকার সুলতান হাজীর বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন।
ঘটনার পরপরই র্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব-১১ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল ফতুল্লার উত্তর দেওভোগ এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি আঃ রাহিমকে গ্রেপ্তার করে। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত রাহিমের বাড়ি কুমিল্লা জেলার মতলব দক্ষিণ থানার কামালদি এলাকায়। তার পিতার নাম নাসির উদ্দিন।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

