ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজের উন্নয়ন ও উচ্চশিক্ষার প্রসারে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। তিনি বলেছেন, একজন সাবেক শিক্ষার্থী হিসেবে তোলারাম কলেজের প্রতি তার আলাদা আবেগ রয়েছে এবং এবার সুযোগ পেয়ে কলেজটির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে চান।
শুক্রবার (৮ মে) বিকেলে সরকারি তোলারাম কলেজে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল কালাম বলেন, “আমি এই কলেজের একজন প্রাক্তন শিক্ষার্থী। অতীতে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তোলারাম কলেজের জন্য প্রত্যাশিতভাবে কাজ করতে পারিনি। তবে এখন সুযোগ এসেছে। ইনশাআল্লাহ, কলেজের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো।”
তিনি বলেন, কলেজের কিছু সমস্যা ও দাবি রয়েছে, যেগুলো সমাধানে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সব বিষয় প্রকাশ্যে আলোচনা করে সমাধান করা সম্ভব হয় না বলেও মন্তব্য করেন তিনি।
নিজের পূর্ববর্তী কর্মকাণ্ড তুলে ধরে এমপি আবুল কালাম জানান, ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে মহিলা কলেজে বাস চালু, পুকুর ভরাট, বাউন্ডারি ওয়াল নির্মাণ এবং ছাত্রাবাস প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ কাজ তার সময়েই বাস্তবায়িত হয়েছিল। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “আমি কাজ করতে জানি। তোমরা আমার ওপর আস্থা রাখতে পারো।”
এ সময় তিনি নারায়ণগঞ্জে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তিনি জানান, জাতীয় সংসদে ইতোমধ্যে তার নির্বাচনী এলাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি উত্থাপন করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ডিও লেটার দেওয়া হয়েছে।
তিনি বলেন, “প্রতি বছর জেলার হাজার হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য প্রস্তুত হয়। কিন্তু স্থানীয়ভাবে পর্যাপ্ত সুযোগ না থাকায় তাদের বাইরে যেতে হয়। নারায়ণগঞ্জে একটি বিশ্ববিদ্যালয় সময়ের দাবি। ইনশাআল্লাহ, সেটি বাস্তবায়ন হবে।”
ছাত্ররাজনীতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “ছাত্র সংসদ নির্বাচন আসবে। তবে কোনো সমস্যা সৃষ্টি হলে সংঘর্ষে না জড়িয়ে সবাই আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবে। প্রয়োজনে আমাকে জানাবে, আমি সবাইকে নিয়ে বসে সমাধানের উদ্যোগ নেব।”
সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভিপি মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, নবীন বরণ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক হুমায়ুন কবীর, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু প্রমুখ।

