ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত মক্কা ডায়ালাইসিস সেন্টার নামে একটি হাসপাতালকে লাইসেন্স ছাড়া এবং সরকারি বিধিমালা লঙ্ঘন করে কার্যক্রম পরিচালনার দায়ে দেড় লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা।
জানা যায়, হাসপাতালটি প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই ডায়ালাইসিস সেবা দিয়ে আসছিল এবং নির্ধারিত স্বাস্থ্যবিধিও মানা হচ্ছিল না—এমন অভিযোগের ভিত্তিতেই প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে এক লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা বলেন, “লাইসেন্সবিহীনভাবে ও নিয়মনীতি উপেক্ষা করে ডায়ালাইসিস সেন্টার পরিচালনার অভিযোগ পেয়েছিলাম। অভিযান চালিয়ে অভিযোগের প্রমাণ মিলেছে। এজন্য প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”

