ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ প্রেস ক্লাব-এ অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, হকার সমস্যা, কিশোর গ্যাংয়ের বিস্তার এবং মাদকদ্রব্যের অপব্যবহার বর্তমানে নারায়ণগঞ্জের সবচেয়ে বড় নাগরিক সংকটে পরিণত হয়েছে। এসব সমস্যা মোকাবেলায় সাংবাদিক ও সাধারণ জনগণকে জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (৫ মে) আয়োজিত এ সভায় তিনি বলেন, অতীতে শহরের উন্নয়নের নামে কিছু সুবিধাবাদী গোষ্ঠী ব্যক্তিস্বার্থ হাসিল করেছে। সে সময় অনেক বিষয় নিয়ে কথা বলা সম্ভব হয়নি। বর্তমান সরকার অল্প সময় আগে দায়িত্ব গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সময় প্রয়োজন হলেও এর মধ্যেই সমস্যা সমাধানে কার্যক্রম চলমান থাকবে।
সাংবাদিকদের উদ্দেশ্যে এমপি আবুল কালাম বলেন, বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ভুলত্রুটি থাকলে তা তুলে ধরার পাশাপাশি ইতিবাচক কাজগুলোরও যথাযথ মূল্যায়ন করলে উন্নয়ন কার্যক্রমে উৎসাহ সৃষ্টি হয়।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, নারায়ণগঞ্জে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এ অবস্থায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। পাশাপাশি নগর উন্নয়নে সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার কথাও বলেন।
প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে এমপি অ্যাডভোকেট আবুল কালামকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব-এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

