নারায়ণগঞ্জে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কোথাও দেখা গেলে তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করার নির্দেশ দিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তবে কাউকে মারধর না করে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) আগামী ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে আয়োজিত মহানগর বিএনপির প্রস্তুতি সভায় এসব নির্দেশনা দেন তিনি।
সভায় সাখাওয়াত হোসেন খান বলেন, বিরোধী দলে থাকাকালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাংগঠনিক সক্ষমতার প্রমাণ দিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। দায়িত্ব গ্রহণের মাত্র ১০ মাসের মধ্যেই সংগঠনকে আরও শক্তিশালী অবস্থানে নেওয়া হয়েছে। এ অবস্থায় কেউ বিএনপিকে দুর্বল করার চেষ্টা করলে তা নেতাকর্মীরা মেনে নেবেন না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা প্রতিহত করতে হবে। কমিটিতে থাকা কিংবা নামধারী ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে কোথাও পাওয়া গেলে তাঁদের আটক করে বিএনপির নেতাদের খবর দিতে হবে। পরে পুলিশ ডেকে তাঁদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। তবে কোনো অবস্থাতেই তাঁদের গায়ে হাত তোলা যাবে না।
ঢাকার সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে প্রতিটি ওয়ার্ড থেকে অন্তত ৫০০ জন করে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন মহানগর বিএনপির আহ্বায়ক। তিনি বলেন, কোন ওয়ার্ড থেকে কতজন নেতাকর্মী সমাবেশে যাচ্ছেন, তার হিসাব রাখা হবে।
অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মহিলা দল, ওলামা দল, শ্রমিক দল, কৃষক দল, ছাত্রদল, যুবদল ও জাসাসসহ সব সহযোগী সংগঠনকে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করতে হবে। সংগঠনভিত্তিক আলাদা বাসের ব্যবস্থাও করা হবে। সাংগঠনিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে অন্যরা সেই জায়গা দখল করে নেবে বলেও সতর্ক করেন তিনি।
সমাবেশে যোগদানের প্রস্তুতি সম্পর্কে সাখাওয়াত জানান, ১ ডিসেম্বর দুপুর ১২টার মধ্যে সবাইকে নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে হবে। সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হলে মৎস্য ভবনের বিপরীতে হাইকোর্ট সংলগ্ন বার কাউন্সিলের সামনে এবং পল্টনে হওয়ার সম্ভাবনা থাকলে বিআরটিসির সামনে নেতাকর্মীদের জড়ো হতে হবে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেন, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ শিবলী, বন্দর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

