“হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা এই নারায়ণগঞ্জে বসবাস করব”—এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ার ২২ কে বি সাহা বাইলেন এলাকায় একটি গভীর নলকূপের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমলাপাড়া পঞ্চায়েত কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে গভীর নলকূপটির উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
এ সময় এলাকার রাস্তা সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সাখাওয়াত হোসেন খান বলেন, “এই ওয়ার্ডটি নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্রে অবস্থিত। এখানে আসার সময় রাস্তার অবস্থা দেখে আমার কষ্ট হয়েছে। জায়গাটি দিয়ে একটি ভালো রাস্তা প্রয়োজন।”
তিনি বলেন, “আপনারা যদি রাস্তার জন্য যার যতটুকু জায়গা প্রয়োজন, এক থেকে দুই ফুট করে জায়গা ছাড়ার ব্যবস্থা করেন, তাহলে আমি কথা দিচ্ছি—এবার শীতের মধ্যেই রাস্তাটি সুন্দরভাবে নির্মাণ করে দেওয়ার চেষ্টা করব। সবাই সহযোগিতা করলে রাস্তাটি নির্মাণ করা সম্ভব হবে এবং এতে আপনাদেরই উপকার হবে।”
পানীয় জলের সংকট প্রসঙ্গে সিটি করপোরেশনের প্রশাসক বলেন, নগরীর সুপেয় পানির সমস্যা পুরোপুরি সমাধানে আরও সময় প্রয়োজন হবে। এ সময় পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের পানির চাহিদা পূরণে গভীর নলকূপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, “সুপেয় পানির সমস্যার পুরোপুরি সমাধান হতে আরও এক থেকে দেড় বছর সময় লাগতে পারে। এই সময়ের মধ্যে যাতে আপনারা পানি পেতে পারেন, সে জন্য এই সাবমার্সিবল পাম্পের ব্যবস্থা করা হয়েছে। এখান থেকে আপনারা পানি সংগ্রহ করবেন এবং ব্যবহার করবেন। আশা করি ভালো পানি পাবেন।”
এ সময় মাদকবিরোধী সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করে সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জের নাগরিকদের প্রতি তার একটি বিশেষ অনুরোধ—কেউ যেন মাদকের সঙ্গে সম্পৃক্ত না হন।
তিনি বলেন, “কারও সন্তান যদি মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে, তাকে কোনো ধরনের সহায়তা করবেন না। তাকে ওই পথ থেকে ফিরিয়ে আনতে হবে। একজন মাদক ব্যবসায়ীকে সাময়িক সুবিধার জন্য সহযোগিতা করলে পরবর্তীতে সে সমাজ ও পরিবারের জন্য বোঝা হয়ে দাঁড়াতে পারে।”
মাদকের কারণে তরুণ সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মাদক ব্যবসা করে খুব কম মানুষই স্থায়ীভাবে ভালো অবস্থানে যেতে পারে। মাদক ব্যবসায় জড়িয়ে অনেকেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয় এবং পরবর্তীতে তাদের ছাড়াতে অর্থ ব্যয় হয়। এতে পরিবার ও সমাজ উভয়ই ক্ষতিগ্রস্ত হয়।
সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানিয়ে সাখাওয়াত হোসেন খান বলেন, “আপনারা সবাই মিলেমিশে থাকবেন, যাতে সমাজের মধ্যে একটি ভালো পরিবেশ তৈরি হয়। আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি হয়। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা এই নারায়ণগঞ্জে বসবাস করব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিরা সরদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মো. রেজা রিপন, আমলাপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি নুরুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হানিফ সরদার, সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাসুম খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

