সংগঠনের অভ্যন্তরীণ বিভক্তি ও নেতাদের দ্বন্দ্বের কারণে দীর্ঘদিন আটকে থাকার পর হেফাজতে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে ডিআইটি রেলওয়ে কলোনী জামে মসজিদে আয়োজিত সভা শেষে নতুন দুই কমিটির আংশিক নেতৃত্বের নাম ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরউল্লাহ।
ঘোষিত জেলা কমিটিতে ডিআইটি রেলওয়ে কলোনী জামে মসজিদের খতিব ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়ালকে সভাপতি করা হয়েছে। এর আগেও তিনি নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
জেলা কমিটিতে আমলাপাড়া মাদরাসার মাওলানা আব্দুল কাদেরকে জ্যেষ্ঠ সহসভাপতি এবং মাদানীনগর মাদরাসার মুফতি বশিরউল্লাহকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক হিসেবে মাওলানা মহিউদ্দিন খান (সোনারগাঁ), অর্থ সম্পাদক মাওলানা খোরশেদ আলম কাসেমী এবং প্রচার সম্পাদক হিসেবে মুফতি শেখ শিব্বিরের নাম ঘোষণা করা হয়।
অন্যদিকে, নারায়ণগঞ্জ মহানগর হেফাজতে ইসলামের সভাপতি হয়েছেন মুফতি জাকির হোসেন কাসেমী। সাধারণ সম্পাদক করা হয়েছে দেওভোগ মাদরাসার মাওলানা আব্দুর রহমানকে। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মুফতি মামুনুর রশীদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মাওলানা মাহমুদ ইবনে আউয়ালের নাম ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরউল্লাহ জানান, বর্তমানে জেলা ও মহানগর কমিটি আংশিকভাবে ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে আরও সদস্য অন্তর্ভুক্ত করে দুটি কমিটিই পূর্ণাঙ্গ করা হবে।
আগের কমিটি ঘিরে বিভক্তি
এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হেফাজতে ইসলামের কমিটি ঘোষণা করা হয়েছিল। শহরের চাষাঢ়ার বাগে জান্নাত জামে মসজিদে অনুষ্ঠিত ওই সম্মেলনে কমিটি ঘোষণা করেন সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব।
তবে ওই সম্মেলনে হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও নারায়ণগঞ্জ জেলা হেফাজতের সাবেক সভাপতি মাওলানা আব্দুল আউয়ালসহ সংগঠনের একটি বড় অংশের নেতাকর্মী উপস্থিত ছিলেন না। ফলে কমিটি ঘোষণা নিয়ে সংগঠনের ভেতরে শুরু হয় মতবিরোধ।
ওই কমিটিতে জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মুফতি মনির হোসাইন কাসেমীকে জেলা কমিটির সভাপতি এবং খেলাফত মজলিসের নেতা এবিএম সিরাজুল মামুনকে সাধারণ সম্পাদক করা হয়। একই সময়ে মহানগর হেফাজতে ইসলামের সভাপতি হিসেবে মুফতি হারুনুর রশিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা মীর আহমাদুল্লাহর নাম ঘোষণা করা হয়েছিল।
কিন্তু কমিটি গঠনকে কেন্দ্র করে সংগঠনের নেতাদের মধ্যে বিরোধ ও বিভক্তি তৈরি হয়। এর ফলে ঘোষিত কমিটি নিয়ে প্রশ্ন ওঠে এবং দীর্ঘ সময় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হেফাজতে ইসলামের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়।
দীর্ঘদিনের সেই বিভক্তি ও জটিলতার পর বুধবার নতুন করে জেলা ও মহানগরের আংশিক কমিটি ঘোষণা করা হলো। নতুন নেতৃত্বের মাধ্যমে নারায়ণগঞ্জে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আবারও সক্রিয় হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট নেতারা।

